প্রকাশিত: Thu, Jan 12, 2023 9:40 AM
আপডেট: Thu, Jul 23, 2026 5:48 AM

রাষ্ট্রপতি পদে বসার যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

মাজহারুল ইসলাম: সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নাম শোনা যাচ্ছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই পদে বসার যোগ্যতা আমার নেই। সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। রাজপথ আমরা ছাড়ব না। বুধবারের বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে। 

বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে হবেন, গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বুধবার ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়েছে। বিষয়টি বেশি দূর গড়ায়নি। তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করবো।

জামায়াত নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিইনি। জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব